প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 12, 2026 ইং
চারঘাটে অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা, ভেকু মেশিন জব্দ

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর চারঘাট উপজেলায় অনুমোদনহীনভাবে পুকুর সংস্কারের নামে ধানী শ্রেণীর জমির টপসয়েল কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
সোমবার ১১ মে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের নিমপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে পূর্বে সতর্ক করা হলেও অনুমতি ছাড়া পুকুর সংস্কারের নামে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জমির মালিক ও পুকুর খনন কাজে চুক্তিভিত্তিক সহায়তাকারী ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্তরা অপরাধ স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে মুচলেকা দেন।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সরকার কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে মাটি কর্তন করলে তার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।
এ অভিযান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পরিচালিত হয়।
© দৈনিক চেতনার কন্ঠ